কুড়িগ্রাম প্রতিনিধি ।। কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের নগরপাড়া গ্রামে শুক্রবার দুপুরে বৈদ্যুতিক মেরামতের কাজ করতে গিয়ে তৈয়ব আলী (৪৫) ও হাকিম উদ্দিন (৫৫) নামে দুই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তৈয়ব আলীর স্ত্রী জামেনা বেগম (৪০)। নিহত দুজন আপন মামা ও ভাগ্নে।
থেরাই ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার জানান, শুক্রবার দুপুরে বিদ্যুৎতের সরবরাহ লাইন বন্ধ থাকার সুবাদে মামা তৈয়ব আলী ও ভাগ্নে হাকিম উদ্দিন তৈয়ব আলীর বাড়িতে অবস্থিত বৈদ্যুতিক মিটার সংযোগ লাইনে মেরামত কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে এলে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।
এসময় তাদেরকে বাঁচাতে তৈয়ব আলীর স্ত্রী জামেনা বেগম এগিয়ে এলে তিনিও বিদ্যুৎতায়িত হন। পরে স্থানীয়রা তিনজনকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তৈয়ব আলী ও হাকিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
নিহত তৈয়ব আলী ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে এবং হাকিম উদ্দিন মৃত ইসলামের ছেলে। তারা দুজনেই পাশাপাশি বাড়িতে থাকেন। গুরুতর আহত জামেনা বেগম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাঈদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে দুজনের আগেই মৃত্যু হয়েছে। অপর আহত রোগী জামেনা বেগমের অবস্থা স্থিতিশীল রয়েছে।
দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।