• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন |

সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতাল পরিচালনায় নয়া কমিটি

সিসি নিউজ ।। দেশের প্রথম বিশেষায়িত সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতাল নতুন উদ্যোমে চালু করতে নেওয়া হয়েছে উদ্যোগ। গঠন করা হয়েছে একটি পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি। মঙ্গলবার (৮ জুন) দুপুরে হাসপাতালের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য মিলেছে। বর্তমান অবকাঠামোকে কাজে লাগিয়ে এ হাসপাতালের অপারেশন থিয়েটার, জনবল নিয়োগ, ইনডোর ও আউটডোর চিকিৎসার সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের এ আয়োজন করা হয়।
পরিচালনা কমিটিতে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিকো আহমেদকে সভাপতি, হাসপাতালটির জমিদাতার পুত্র গোলজার আহমেদকে সাধারণ সম্পাদক, এসএম মাহবুবুল হক মিঠু সহ-সভাপতি, কামারপুকুর ইউনিয়ন পরিষদের সদস্য মোমিনুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক ও সাংবাদিক ফয়েজ আহমেদকে সেবা উন্নয়ন ও হিসাব নিরক্ষক সম্পাদক হিসেবে রয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নয়া কমিটির সেবা উন্নয়ন ও হিসাব নিরক্ষক সম্পাদক ফয়েজ আহমেদ। তিনি বলেন, ২০০২ সালে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায় আলহাজ্ব কবির উদ্দিন সর্দারের দানকৃত ১৫ শতক জমিতে গড়ে তোলা হয় দেশের একমাত্র বিশেষায়িত ফাইলেরিয়া হাসপাতালটি। এর প্রতিষ্ঠাতা ছিলেন ডা. মোয়াজ্জেম হোসেন। গোদ ও গলগন্ড চিকিৎসায় দেশব্যাপী ছড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটির সুনাম। পরবর্তিতে ধীরে ধীরে বন্ধ হওয়ার উপক্রম হয় প্রতিষ্ঠানটি। ফলে ২০১২ সালে জমিদাতার জামাতা ডা. সুরত আলী বাবু নিজেই হাসপাতালটি চালুর উদ্যোগ নেন। কিন্তু হঠাৎ করেই সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর হাসপাতালেন কার্যক্রম অব্যাহত রাখতে এই ৯ সদস্য বিশিষ্ট্য একটি কমিটি গঠন করা হয়।
সংবাদ সম্মেলন শেষে ইন্সটিটিউ অব এলার্জী এন্ড ক্লিনিক্যাল ইমুনোলজী অব বাংলাদেশের (আইএসিআইবি) প্রতিনিধি রাকিবুল ইসলাম তুহিনের হাতে হাসপাতাল পরিচালনার জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্থান্তর করা হয়।
এছাড়া বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশনের (বিপিডিএ) প্রতিষ্ঠানটি পরিচালনায় স্থানীয় কমিটিকে সার্বিক সহযোগিতা করবে বলে জানানো হয়। এ সময় নয়া কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন সিসি নিউজকে জানান, হাসপাতালটি পরিচালনায় একটি কমিটি বিদ্যমান রয়েছে। নতুন করে কমিটি গঠনের এখতিয়ার তাদের নেই। পূর্বে একটি মহল এ হাসপাতালকে কুক্ষিগত করে ফায়দা লুটিয়েছে। এ কমিটি গঠনের মধ্যদিয়ে সেই চক্রান্ত আবারো শুরু করার পায়তারা চলছে।
নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী এ প্রসঙ্গে সিসি নিউজকে জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতাল পরিচালনায় একটি কমিটি রয়েছে। ওই কমিটিই হাসপাতালটি পরিচালনা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ