সিসি নিউজ ।। বিয়েতে সোনার গয়নার পরিবর্তে দেওয়া হয়েছে নকল সোনা গয়না (সিটি গোল্ডের ইমিটিশন)। এ নিয়ে বিয়ের আসরেই বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে ভুন্ডল হয়ে যায় বিয়ের অনুষ্ঠান। শেষে কনেকে তালাক ও লাখ টাকা জরিমানা দিয়ে বিদায় হয় বরপক্ষ।
আজ শনিবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী সরকারপাড়ায় এ ঘটনা ঘটে। বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ওই এলাকার আকবর আলী পটলের মেয়ে আঁখির (১৮) সঙ্গে দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের তেবাড়িয়ার সুবর্ণখুলী গ্রামের হবিবর রহমানের ছেলে মফিজুল ইসলামের বিয়ে কথা চলছিল। প্রায় আড়াই মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে রেজিস্ট্রি হয়। গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে বউ নিতে আসে বরপক্ষ। বিয়েতে বরপক্ষ থেকে কনেকে স্বর্ণের হাতের বালা দেওয়া হয়। কনে সাজাতে গিয়ে বাড়ির সদস্যা বুঝতে পারেন বরপক্ষ থেকে দেওয়া বালা দুটি স্বর্ণের নয়। তারা সিটি গোল্ডের বালা দিয়েছে। আর এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে।
এ নিয়ে বরপক্ষকে আটতে রাখে কনেপক্ষের লোকজন। আজ শনিবার দুপুরে উভয় পক্ষের ইউপি চেয়ারম্যান-মেম্বারের উপস্থিতিতে কনের তালাক হয় এবং ছেলেপক্ষের কাছ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়।
থানায় এ ধরনের কোন অভিযোগ নেই বলে সিসি নিউজকে নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান।