সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটি থেকে পদত্যাগ করেছে ৯জন সদস্য। মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্ত ও নির্বাচনের দাবিতে তারা পদত্যাগ করে। গত রোববার ওই কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক বরাবরে পাঠানো পদত্যাগ পত্র মারফত এ তথ্য মিলেছে।
পদত্যাগকারী ওমর ফারুক (যুগ্ন সাধারন সম্পাদক) জানান, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী পরিষদের মেয়াদকাল দুই বছর। প্রতিষ্ঠালগ্ন থেকে দুই বছর পরপর নির্বাচনের মাধ্যমে গঠিত কমিটি দায়িত্ব পালন করে আসছে। কিন্তু বর্তমান এ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ কয়েকজন সদস্য অজ্ঞাত কারনে কমিটির মেয়াদ শেষ হওয়ার এক বছর পেরিয়ে গেলেও নির্বাচনের কোন পদক্ষেপ নেয়া হয়নি। নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের জন্য বহুবার দাবিও জানানো হয়েছে। কিন্তু সে দাবি কর্ণপাত না করায় বাধ্য হয়ে আমরা ৯জন সদস্য কমিটি থেকে পদত্যাগ করেছি।
এ ব্যাপারে সমিতির সভাপতি আরশাদ আলো বলেন, করোনার কারণে কমিটির মেয়াদ পেরিয়ে গেলেও নির্বাচন করা সম্ভব হয়নি। তবে আগামী কয়েকদিনের মধ্যে সাধারন সভা ডেকে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।