সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে কাইয়ুম হোসেন (২২) নামে এক ভ্যান চালককে ছুরিকাঘাত করে তাঁর চার্জার ভ্যানটি ছিনিয়ে নিয়েছে। আজ রাত ৮টার দিকে সৈয়দপুর বাইপাস মহাসড়কের মুজার মোড় এলাকায় ওই ঘটনাটি ঘটে।
ভ্যান চালক কাইয়ুম হোসেন বদরগঞ্জ উপজেলার মুচিরহাটের আব্দুস সাত্তারের পুত্র।
সূত্র মতে, কাইয়ুম হোসেন মূলতঃ সৈয়দপুর শহরেই ভ্যান নিয়ে চলাচল করতো। আজ সন্ধ্যায় একজন যাত্রী নিয়ে ওয়াপদামোড় থেকে বাইপাস সড়কের ওই পথে বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। রাত আনুমানিক ৮টার দিকে মুজার মোড় অতিক্রম করার পর যাত্রীবেশে ছিনতাইকারী পেছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করে। এতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় কাইয়ুম। এ সময়ে চার্জার ভ্যানটি নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী।
পরে স্থানীয় লোকজন ভ্যান চালক কাইয়ুমকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, তিনি ঘটনাটি অবগত নন।