সিসি নিউজ।। সৈয়দপুরে শিক্ষার্থীদের সংবাদপত্র পড়ার সুবিধার্থে স্কুল, কলেজ ও মাদ্রাসায় ১৭ টি সংবাদপত্র ডেস্ক প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উদ্যোগে রোববার (২৭ জুন) দুপুরে ওইসব ডেস্ক বিতরণ করা হয়। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে এসব ডেস্ক প্রদান করা হয় বলে জানান উপজেলা প্রকৌশলী এমএম আলী রেজা রাজু।
পত্রিকা ডেস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, সানজিদা বেগম লাকী, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগমসহ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগণ।
উপজেলা প্রকৌশল অফিস সূত্র জানায়, উপজেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে ওইসব সংবাদপত্র ডেস্ক বিতরণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ২টি স্কুল, ২টি ডিগ্রি কলেজ, ২টি মাদ্রাসা ও ৭টি স্কুল এন্ড কলেজ।
সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সরকারের এই ধরণের উদ্যোগকে স্বাগত জানাই। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংবাদপত্র পাঠ ও নানা কৌতুহল মেটাবে।
জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন সিসি নিউজকে বলেন, শিক্ষাঙ্গণে শিক্ষার্থীদের সংবাদপত্র পাঠের মানসিকতা গড়ে তুলতে ওই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।