সিসি নিউজ ।। নীলফামারীর পল্লীতে আব্দুল আলীম (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে নিজ বাড়ির শোয়ার ঘরে ওই মাদ্রাসা ছাত্রের মরদেহ রশিতে ঝুলানো অবস্থায় উদ্ধার করা হয়।
আব্দুল আলীম নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের জয়চন্ডি গ্রামের হযরত পাড়ার আনোয়ার হোসেনের পুত্র। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, মাদ্রাসা বন্ধ থাকার কারনে আব্দুল আলীম বেশ কিছুদিন থেকে বাড়িতে অবস্থান করছিল। ঘটনারদিন পড়াশুনার বিষয় নিয়ে বাবার সাথে রাগারাগি হয়। আর সেই অভিমানে সে আত্মহত্যা করতে পারে।
এ ব্যাপারে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।