ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। সেচপাম্পের ছিঁড়ে পড়া তারে দড়ি আটকে ছটফট করছিল একটি গরু। নিজের পোষা গরুটিকে বাঁচাতে ফনি বর্মাণ (৫৫) সেচ পাম্পের তার হতে দড়িটি ছাড়ানোর চেষ্টা করে। এতে ফণি বর্মণ নিজেই আটকে বিদ্যুতায়িত হয়ে ছটফট শুরু করে। বাড়ি হতে স্বামীকে ছটফট করতে দেখে স্ত্রী বিয়ো বালা (৫০) দৌড়ে আসে। স্বামীকে ধরতেই তিনিও বিদ্যুতায়িত হয়। এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে। ফনি বর্মণের ঘটনাস্থলেই মৃত্যু হলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে বিয়ো বালার মৃত্যু হয়। তবে অলৌকিকভাবে সেই গরুটি বেঁচে যায়। ঘটনাটি বুধবার বিকাল সাড়ে তিন টার দিকে নীলফামারীর ডোমার উপজেলায় নন্দীপাড়া এলাকায় ঘটে। মর্মান্তিক এ ঘটনায় গোটা ইউনিয়নের শোকের ছায়া নেমে আসে।
বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন জানান, বৃষ্টির দিনে কোন এক সময়ে হয়তো সেচপাম্পের তারটি ছিড়ে মাটিতে পড়ে ছিল। বিকালে একটি গরু তারে আটকে যায়। ফণি বর্মণ ও তার স্ত্রী গরুটিকে বাঁচাতে বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই ফণি বর্মনের মৃত্যু হলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বিয়োবালার মৃত্যু হয়েছে। তিনি জানান, কি আশ্চর্য্য বিষয়, সেই গরুটিই বেঁচে আছে। অথচ গরুটিকে বাঁচাতে যাওয়া স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।