সিসি নিউজ ডেস্ক ।। করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনে বিয়েসহ সকল সামাজিক অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা রয়েছে। এর মাঝেই ‘সীমিত পরিসরে’ বিয়ের আনুষ্ঠানিকতা সেরে কনে নিয়ে বাড়ি ফিরছিলেন বর। কিন্তু এই সময়ের সরকারি বিধিনিষেধ ভঙ্গের অপরাধে আর্থিক জরিমানা গুনতে হয়েছে বরকে।
শুক্রবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট শহরের প্রবেশদ্বার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় মাইক্রোবাস আটকে বর-কনেসহ আরও কয়েকজন যাত্রী দেখতে পান পুলিশ সদস্যরা। পরে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ১০ হাজার টাকা জরিমানা করেন।
অবশ্য বরপক্ষের দাবি, বিয়ের তারিখ আগে থেকেই নির্ধারিত ছিল। এ তারিখ পেছানো সম্ভবও ছিলনা। বিয়েতে নিষেধাজ্ঞার বিষয়টি তারা জানতেন। তাই তারা সীমিত পরিসরে বিয়ে শেষ করে কোন রকম অনুষ্ঠান না করেই কনে নিয়ে বাড়ি ফিরছিলেন। এর মাঝেই ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি পড়ে যান তারা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ‘দক্ষিণ সুরমার মোমিনখলা থেকে বিয়ে করে বউ নিয়ে কোতোয়ালী থানা এলাকার বাসায় ফিরছিলেন বর। হুমায়ুন চত্বরে মাইক্রোবাস থামানো হলে গাড়ীতে আরও চার যাত্রীকে দেখতে পায় পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়েছে।’