সিসি নিউজ ।। করোনা মোকাবেলায় চলমান শাটডাউন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে লে. কর্নেল মো. আরিফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, জেলা পরিষদ সচিব জয়নুল আবেদীন বক্তব্য দেন। সভায় চলমান শাটডাউন নিয়ে পর্যবেক্ষণ এবং প্রস্তবনা তুলে ধরেন সাংবাদিক তাহমিন হক ববি, মীর মাহমুদুল হাসান আস্তাক, হাসান রাব্বী, আতিয়ার রহমান, নূর আলম, আসাদুজ্জামান টিপু।
সভায় লে. কর্নেল আরিফ হোসেন বলেন, কঠোর বিধি নিষেধে কাঁচা বাজারে ভীড় সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে। এরফলে লোকজন বাড়ির বাহিরে আসেন এবং ভীড় করেন। আমরা চিন্তা করছি ভ্রাম্যমান ভাবে সবজি বিক্রয় করা গেলে এই ভীড় এড়ানো সম্ভব।
তিনি বলেন, শাটডাউন বৃদ্ধি হলে গতবারের মত এবারো গরুর হাট স্বাস্থ্য বিধি অনুসারে একমুখী করণ করে পরিচালনা করা যেতে পারে এবং অনলাইন ভিত্তিক গরু ক্রয় বিক্রয়ে উৎসাহ সৃষ্টি করা যেতে পারে। সভায় বিধি নিষেধ বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানো, খাদ্য সংকটে প্রকৃত পরিবার চিহিৃত করণ, হাট বন্ধ রাখা এবং রিকসা ব্যতিত অটোরিকসা চলাচল বন্ধের ব্যাপারে সিন্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, আমরা চাই আগে সুরক্ষিত থাকতে, তারপরে অন্যকিছু। আমরা সকলকে নিয়ে শাটডাউন বাস্তবায়ন করতে চাই। যাতে সংক্রমণ বৃদ্ধি না পায়। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়নে আমরা বদ্ধ পরিকর। তিনি বলেন, নীলফামারীতে সবার সহযোগীতায় শাটডাউন সফল হচ্ছে এবং মানুষও প্রতিপালনে এগিয়ে এসেছে। এখোনো যেসব ত্রুটি পরিলক্ষিত হচ্ছে সেগুলা নিয়ে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো।