সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পরও দুই ফার্মেসীর মালিক ফার্মেসীতে বসে ব্যবসা করে আসছে বলে অভিযোগ উঠেছে। তাঁরা হলেন বঙ্গবন্ধু সড়কে সৈয়দপুর ফার্মেসীর মালিক তানভির বদর ও সৈয়দপুর মেডিকেল স্টোরের মালিক আসিফ বদর।
খবর পেয়ে আজ সোমবার উপজেলা প্রশাসন সৈয়দপুর ফার্মেসী বন্ধ করে দেন। করোনা আক্তান্ত ওই দুই ব্যাক্তির বাড়ি শহরের চাঁদনগর তুলসীরাম সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্র জানায়, কোভিড-১৯ রেপিড এন্টিজেন পরীক্ষায় তাদের শরীরে গত ১০ জুলাই করোনাভাইরাস ধরা পড়ে। পরে স্থানীয় উপজেলা প্রশাসনকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়।
এ প্রসঙ্গে সৈয়দপুর মেডিকেল স্টোরের মালিক আসিফ বদর জানান, তিনি দোকানে বসছেন না। কর্মচারীরা ফার্মেসী খুলে ক্রেতাদের সেবা দিচ্ছেন। আমার বিষয়ে অভিযোগটি সত্য নহে।
জানতে চাইলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম বলেন, বিষয়টি শোনার পরপরই সেখানে গিয়ে ফার্মেসী বন্ধ করে দেওয়া হয়েছে।