সিসি নিউজ ।। সৈয়দপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) তিন বছর মেয়াদী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন মহসিন আলী রুবেল। এ নিয়ে টানা তিনবার বিনা প্রতিদ্বন্দ্বীতায় এ পদে আসীন হলেন তিনি। এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. লোকমান হোসেন।
আজ বৃহস্পতিবার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সৈয়দপুর উপজেলা সমবায় অফিসার মো. মশিউর রহমান ৮ সদস্য বিশিষ্ট কমিটিতে নির্বাচিতদের চুড়ান্ত তালিকা প্রকাশ করেন। নির্বাচিতদের তালিকায় সদস্যরা হলেন আব্দুল মতিন, জামিনী সরকার, রেজাউল মন্ডল, ছকিনা বেগম, আব্দুল আজিজ ও সামাদ আলী।
নির্বাচন পরিচালনা কমিটির দেয়া সূত্র মতে, গত ২৬ জুন তফসিল ঘোষনা করা হয়। ওই মাসের ২৯ তারিখ মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির অন্য দুজন সদস্য হলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মাহফুজার রহমান ও নাজিমুল হক চৌধুরী।
সৈয়দপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আল-মিজানুর রহমান জানান, বিআরডিবি-এর আওতাধীন সৈয়দপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ)। এর সদস্য সংখ্যা রয়েছে ১১১ জন।