।। এস এম জামান ।। মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের ব্যবহার অনুপযোগি কোচকে সচল করার উদ্যোগ নিয়েছে। এতে রেলের পশ্চিম ও পূর্ব অঞ্চলের মোট ১০০টি ব্যবহার অনুপযোগি কোচকে সচল করে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনের সাথে যুক্ত করা হবে। চলতি অর্থ বছরেই রাজস্বখাত থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে কোচগুলো মেরামত করা হবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।
বাংলাদেশ রেলওয়ের সূত্র মতে, ট্রেনের বহরে ব্যবহার অনুপযোগি কোচগুলি রেলওয়ের বিভিন্ন ইয়ার্ডে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। যা মুজিববর্ষে রেলের পশ্চিমাঞ্চলের ব্রডগেজ লাইনের ৫০টি এবং পূর্বাঞ্চলের মিটারগেজ লাইনের ৫০টি অচল কোচ মেরামতে পূর্ণবাসন করে চলাচলের উপযোগি হিসেবে গড়ে তোলা হবে। যার মধ্যে যাত্রীবাহি কোচ ও পাওয়ার কার রয়েছে। রাজস্বখাত থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে ব্রডগেজ লাইনের কোচ সৈয়দপুরে ও মিটারগেজ লাইনের কোচগুলি চট্টগ্রামের পাহাড়তলীতে মেরামতের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। চলতি অর্থবছরে এ কার্যক্রম শুরু হয়ে আগামী অর্থবছরে সম্পন্ন হবে বলে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. মোখছেদুল মোমিন বলেন, মুজিববর্ষে রেলের অচল কোচগুলি মেরামত করে ট্রেনের বহরে সংযোজন করা হলে অনেক অর্থ সাশ্রয় হবে নিশ্চিত। তবে আউটসোর্সিংয়ের পাশাপাশি রেলওয়ে কারখানায় কর্মরত দক্ষ শ্রমিক দ্বারা মেরামতের গুরুত্বপূর্ণ অংশের কাজটি করা যেতে পারে। তিনি বলেন, কাজ শেষে বাড়তি সময় দিয়ে শ্রমিকরা বাড়তি অর্থ উপার্জন করার আগ্রহ রয়েছে। ইতিপূর্বে রেলের শ্রমিকরা অতিরিক্ত সময় দিয়ে মেরামতের কাজ করেছে। এরফলে দক্ষ শ্রমিকের হাতে মেরামতের কাজটি নিখুঁত হবে।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান যন্ত্র প্রকৌশলী কুদরত-ই খুদা জানান, উদ্যোগটি বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং প্রশাসনিক অনুমতি পাওয়া গেছে। এখন অর্থ প্রাপ্তি সাপেক্ষে দরপত্র আহবান করা হবে। তিনি জানান, এটি বাস্তবায়ন হলে বাংলাদেশ রেলওয়েতে যাত্রীবাহি কোচ সংকট অনেকটাই দূর হবে।