• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন |

প্রাদেশিক রাজধানী দখল করলো তালেবান, জেল থেকে বন্দিদের মুক্তি

সিসি নিউজ ডেস্ক ।। আফগানিস্তানের একটি জেলখানা দখল করেছে তালেবান যোদ্ধারা। দখলের পর সেখানে আটক সব বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। দেশটির জোজ্জন প্রদেশে ঘটেছে এ ঘটনা। শনিবার (৭ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যায়, শনিবার বিদ্রোহীরা হামলা চালানোর পর শত শত বন্দি জোজ্জন প্রদেশের রাজধানী শেবারগান শহরের কারাগার থেকে বেরিয়ে যাচ্ছে। তালেবানরা শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে, এটি জঙ্গিদের হাতে দখল হওয়া দ্বিতীয় প্রাদেশিক রাজধানী। দেশজুড়ে যুদ্ধ বেড়ে যাওয়ায় এটি নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় আঘাত। এর আগে, নিমরোজ প্রদেশের জারাঞ্জ শহরটি বিদ্রোহীরা দখল করে। এটি তালেবানের হাতে পতন হওয়া প্রথম আঞ্চলিক রাজধানী ছিল।

শেবারগান আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দস্তুমের শক্ত ঘাঁটি। তার সমর্থকরা বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আফগান বাহিনীকে তালেবানদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করার জন্য ১৫০ জন লোক শহরে এসেছে। এ অঞ্চলের কাউন্সিল প্রধান বাবর এশচি বলেছেন, জঙ্গিরা এখন একটি সেনা ঘাঁটি ছাড়া পুরো শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। ঘাঁটিতে এখনও যুদ্ধ চলছে।

নাগরিকদের দ্রুত আফগানিস্তান ত্যাগের সতর্ক বার্তা ব্রিটেনের

ব্রিটেন আফগানিস্তানে থাকা যুক্তরাজ্যের সকল নাগরিককে দ্রুত দেশটি ত্যাগ করার ব্যাপারে সতর্ক বার্তা জানিয়ে দিয়েছে ব্রিটেন। প্রচণ্ড যুদ্ধ চলায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটার কারণে তারা এমন সতর্ক বার্তা জানালো।

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস শুক্রবার হালনাগাদ করা তাদের ওয়েবসাইটে আফগানিস্তানে কোন সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

এতে বলা হয়, ‘আফগানিস্তানে থাকা সকল ব্রিটিশ নাগরিককে যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগের পরামর্শ দেয়া হচ্ছে। যদি আপনি আফগানিস্তানে থাকেন, তাহলে আপনাকে দ্রুত আফগানিস্তান ত্যাগের নির্দেশ দেয়া হচ্ছে কারণ দেশটির নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটতে দেখা যাচ্ছে।’

প্রায় দুই দশকের সংঘাতের পর মার্কিন নেতৃত্বাধীন সৈন্য বাহিনী প্রত্যাহারের সময় তালেবান জঙ্গিরা ব্যাপক লড়াই শুরু করার পর এমন সতর্ক বার্তা ঘোষণা করা হলো।

পররাষ্ট্র দপ্তর জানায়, ‘সন্ত্রাসীরা আফগানিস্তানে আরো শক্তিশালী হামলা চালাতে পারে বলে জোর ধারণা করা হচ্ছে।’ তালেবান জঙ্গিরা হামলার সুনির্দিষ্ট পদ্ধতিগুলো কাজে লাগাচ্ছে এবং তা আরো জোরদার করছে।’

তালেবান বর্তমানে গ্রামীণ জনপদের বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করছে এবং ইরান সীমান্তবর্তী হেরাত, লস্কর গহ ও কান্দাহারসহ বিভিন্ন নগরীতে সরকারি বাহিনীকে চ্যালেঞ্জ করছে।

গত মে মাসে জঙ্গি হামলা জোরদার করার পর শুক্রবার এই প্রথম ইসলামি জঙ্গিরা তাদের প্রথম প্রাদেশিক রাজধানী দখল করে।

নিমরোজের ডেপুটি গভর্নর রোহ গুল খাইরজাদ এএফপি’কে বলেন, নিমরোজের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ নগরী ‘কোন যুদ্ধ ছাড়াই’ তালেবান জঙ্গিরা দখল করে নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ