সিসি নিউজ ।। নীলফামারীতে করোনার টিকা প্রদানকারী হাসপাতালগুলোতে শনিবার মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। নীলফামারী জেনারেল হাসপাতালে ছিল টিকা গ্রহিতা নারী-পুরুষের ভিড়। টিকা নিতে আগ্রহী অনেকে সকাল থেকে দাঁড়িয়েও টিকা নিতে পারেননি বলে অভিযোগ করেছেন।
জেলা সদরের সোনারায় ইউনিয়ন থেকে আসা মাহমুদা আকতার জানান, সিনোফার্মের দ্বিতীয় ডোজ নেয়ার জন্য সকাল ১০টায় এসেছি। ভীড়ের কারণে কেন্দ্রের ভিতরে যেতে পারিনি। এক ঘন্টা অপেক্ষা করেও আমার কার্ড এখনও জমা দিতে পারিনি। যতগুলো জমা হয়েছে সেগুলো শেষ করতে সারাদিন লাগবে, তাই বাধ্য হয়ে ফিরে যাচ্ছি। আর কার্ড জমা নেয়া হবে না- মাইকে ঘোষণা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়ন থেকে এসেছেন রাকিবুল ইসলাম। তিনি মানুষের উপচে পড়া ভীড় দেখে জানান, করোনার টিকা দিতে এসে করোনার ভাইরাস নিয়ে ফিরে যেতে হবে। তিনি হাসপাতালে টিকা প্রদানে চরম অব্যবস্থাপনাকে দায়ী করছেন। তিনি বলেন, তীব্র রোদের মাঝে অনেক বয়স্ক মহিলা-পুরুষ টিকা নেয়ার জন্য কার্ড হাতে অপেক্ষা করছে।
এ ব্যাপারে নীলফামারী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির বলেন, স্বাভাবিকের চেয়ে বেশি মানুষের উপস্থিতির কারণে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। বেশি উপস্থিতির কারণ হিসেবে তিনি বলেন, অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ এবং চলমান টিকা গ্রহিতারা এক সঙ্গে কেন্দ্রে উপস্থিত হয়েছে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় উপস্থিতি বেড়েছে।