সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে আমিনুল ইসলাম লারকা (৪০) নামে একজন বিদ্যুৎ মিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার সন্ধা সাড়ে ছয়টার দিকে শহরের কয়াগোলাহাট দক্ষিণপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম কয়াগোলাহাট ডাঙ্গাপাড়া এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে।
পূলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন উল্লেখিত এলাকার পল্লী প্রাণি চিকিৎসক সাইদুর রহমানের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাইদুর রহমান পার্শবর্তী এলাকার বেসরকারি ওই মিস্ত্রিকে ডেকে আনেন বিদ্যুৎ সংযোগের জন্য। আমিনুল ইসলাম বিদ্যুৎ সংযোগ দিতে খুঁটিতে ওঠেন। এ সময় হঠাৎ করে সেখান থেকে পড়ে গিয়ে আহত হন তিনি। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরী বিভাগের চিকিৎসা কর্মকর্তা পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, মরদেহ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।