• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন |

নীলফামারীতে অরক্ষিত লেভেলক্রসিংয়ে বাড়ছে দূর্ঘটনা

সিসি নিউজ ।। রেলপথে অরক্ষিত লেভেলক্রসিংয়ের কারণে নীলফামারীতে বাড়ছে ট্রেন দুর্ঘটনা। চিলাহাটি থেকে সৈয়দপুর রেলপথে যত প্রাণহানি হচ্ছে তার শতকরা ৯০ ভাগই ঘটছে অরক্ষিত লেভেল ক্রসিংয়ের কারণে। লেভেলক্রসিং অরক্ষিত ও গেটম্যান না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবে অসচেতনতার কারণেই এসব দুর্ঘটনার কথা বলছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্র মতে, চিলাহাটি থেকে সৈয়দপুর ৫৯ কিলোমিটার রেলপথ। এই পথে মোট লেভেল ক্রসিংয়ের সংখ্যা ৩৬টি। এর মধ্যে ২৫টি ক্রসিংয়েই নেই কোন গেইটম্যান। এসব লেভেল ক্রসিংয়ের পাশেই রয়েছে স্কুল হাট-বাজার ও গ্রামের প্রধান রাস্তা। দৈনিক এ রুটে চলাচল করে একটি লোকাল মেইল ট্রেনসহ ৬টি আন্তঃনগর ট্রেন। পাশাপাশি চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ চালু হওয়ায় এ পথে বেড়েছে পণ্যবাহী ট্রেনের সংখ্যা। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এদিকে সতর্কীকরণ সাইনবোর্ড দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ।

ডোমার উপজেলার কাজীরহাট ও নীলফামারী সদরের খয়রাতনগর লেভেল ক্রসিংয়ের পাশে বসবাসকারী আবু তাহের, আব্দুর রাজ্জাক ও সোলায়মান আলী জানান, অনেক রেল লেভেল ক্রসিংয়ে গাড়ির গতিরোধে ব্যবহার হচ্ছে বাঁশ, আবার কোনটি রয়েছে ফাঁকা, পাশে নেই কোন সাইন বোর্ডও। এসব গেটের সামনে নেই কোন সিগন্যাল লাইট। তাদের মতে, গত মঙ্গলবার কাজীরহাট লেভেল ক্রসিং অরক্ষিত থাকার কারণে ট্রেন-ট্রাকের দূর্ঘটনাটি ঘটে। এ ছাড়া খয়রাতনগরের রেলস্টেশনের সন্নিকটের লেভেল ক্রসিংয়ে গেটম্যান না থাকায় গত দু’বছরে অন্তত: ৫/৬টি দূর্ঘটনা ঘটেছে। এতে উত্তরা ইপিজেডের মোটরসাইকেল আরোহী ৩ জন শ্রমিক মারা গেছে। এছাড়া সম্প্রতি ওয়াপদা মোড় সংলগ্ন বাইপাসে লেভেল ক্রসিংয়ে পুলিশের সহায়তা রক্ষা হয়েছে বড় ধরনের দূর্ঘটনা।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস জানান, অসচেতন ভাবে রেল লাইন পার হওয়ার সময় ঘটছে দুর্ঘটনা। মানুষ সচেতন হলে দুর্ঘটনা অনেকটা কমে আসবে এ লক্ষ্যে রেলপথের লেভেল ক্রসিংয়ে ও বিভিন্ন স্টেশনে সচেতনতামূলক সভা করছি, যাতে মানুষজন লেভেলক্রসিং পারাপারে সতর্ক হয়।

সৈয়দপুর রেলওয়ে কারখানার উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী সুলতান মৃধা জানান, ১১টি লেভেল ক্রসিংয়ে গেটম্যান রয়েছে। জনবল না থাকায় বাকীগুলোতে গেটম্যান নিয়োগ দেয়া সম্ভব হয়নি। তবে এ রেলপথে তিনটি অবৈধ লেভেলক্রসিং রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ