সিসি নিউজ ।। স্বাধীনতার পর টানা দুবার নির্বাচিত সৈয়দপুর পৌরসভার তৎকালীন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বখতীয়ার কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত বখতিয়ার কবির পূর্ব পাকিস্থানের প্রাদেশিক পরিষদের সাংসদ ও শহীদ বুদ্ধিজীবি ডা: জিকরুল হকের ছেলে। শিক্ষার্থীদের সুন্দর হস্তাক্ষর নিয়ে নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করেন। এছাড়া স্থানীয় জামে মসজিদ কমিটি, শিল্পসাহিত্য সংসদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন।
পারিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে তিনি ভুগছিলেন। বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার বাদ জোহর স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে রাষ্টীয় মর্যাদায় তাঁকে সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জাতীয় সংসদের নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, পৌর মেয়র রাফিকা আকতার জাহান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সম্পাদক মোজাম্মেল হক, সাংবাদিক জসিম উদ্দিন, যুবলীগ নেতা মোস্তফা ফিরোজসহ ধর্মীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।