• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |

রংপুরে প্রতারণার মামলায় দুই সাংবাদিক কারাগারে

সিসি নিউজ ডেস্ক ।। রংপুরে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রবিন চৌধুরী রাসেল ও শরিফা বেগম শিউলি নামে দুই সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন আমলি আদালতের বিচারক এফএম আহসান হাবিব তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে রুপালী ন্যাশনাল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে মামলা করেছেন ছোটন মিয়া নামে এক ভুক্তভোগী।

অভিযুক্ত রবিন চৌধুরী রাসেল পল্লী টিভির রংপুর প্রতিনিধি ও দৈনিক শ্রমিক পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়া তিনি একাত্তর সংবাদ২৪.কম এবং অপরাধ বার্তা ডটকম নামে অনলাইন নিউজ পোর্টালের রংপুর প্রতিনিধি হিসেবে রয়েছেন। অপর আসামি শরিফা বেগম শিউলি দৈনিক ডেল্টা টাইমস, দৈনিক আমাদের কণ্ঠ, ইনফো বাংলা ও চ্যানেল টি ওয়ানে রংপুর প্রতিনিধি হিসেবে কর্মরত।

তাদের বিরুদ্ধে ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তোলেন চাকরিপ্রত্যাশী ছোটন মিয়া। আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। পরে তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলার চার্জশিট দাখিল করে পিবিআই।

মামলার বিবরণে জানা যায়, রংপুর নগরীর শাপলা চত্বর এলাকার রুপালি ন্যাশনাল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার রবিন চৌধুরী রাসেল ও শরিফা বেগম শিউলি নামে দুজন বিভিন্ন সময়ে চাকরির প্রলোভন দেখিয়ে  প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে ছোটন মিয়া তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা করেন।

আদালত ওই মামলাটি পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন। দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৩ ডিসেম্বর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) নুরুন্নবী ইসলাম তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। বুধবার দুপুরে ওই মামলায় আদালতে জামিন নিতে গেলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উৎস: ঢাকা পোষ্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ