• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |

সেই রাইডারকে অনেকেই বাইক কিনে দিতে চাচ্ছেন

সিসি নিউজ ডেস্ক ।। মামলায় ক্ষুদ্ধ হয়ে নিজের মোটর বাইকে আগুন দেয়া শওকত নামের সেই রাইডারকে এখন বাইক কিনে দিতে চাচ্ছেন অনেকেই।

পুলিশ মামলা দিতে চাইলে রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের ওই রাইডার ক্ষুদ্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দেন।

রাজধানীর বাড্ডা এলাকায় আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) এমন ঘটনা ঘটে। শওকত আলীর মোটরসাইকেলে আগুন দেওয়ার ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনাও শুরু হয়েছে।

এ নিয়ে আজ এক ফেসবুক পোস্টে সম্মিলিত সহযোগিতায় ওই রাইডারকে বাইক কিনে দেয়ার প্রস্তাব দেন ব্র্যাকের অভিবাসী কার্যক্রমের প্রধান ও ডেইলি স্টার পত্রিকার ফ্রিল্যান্স সাংবাদিক শরিফুল হাসান।

তিনি লিখেন, “একটা মানুষ কতোটা কষ্ট পেলে নিজের মোটরসাইকেলে আগুন দেয় সেটা বোঝা অনেকের পক্ষেই সম্ভব নয়! আমি শওকত আলীর প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। ভীষণ খারাপ লাগছে তার জন্য। আচ্ছা সবাই মিলে কী তাকে একটা মোটরসাইকেল কিনে দেয়া যায় না? আমি এক্ষেত্রে তাঁর পাশে আছি। আমি বিশ্বাস করি কিছু মানুষ এক হলেই হয়।”

ওই পোস্টের মন্তব্যের ঘরে রাইডারকে সাহায্য করার জন্য শরিফুল হাসানের আহ্বানে অনেককেই সাড়া দিতে দেখা যায়। কাজী সালাহ উদ্দিন নামে একজন লিখেন, “আপনি একটা উদ্যোগ নেন ভাই, আমরাও টাকা দিব সবাই ১/২০০ টাকা করে দিলেও আপনার যে পরিমাণ ফ্যান আছে ইনশাআল্লাহ বাইকের টাকা হয়ে যাবে।”

পরে বিকেলে ফেসবুকে এক পোস্টে শরিফুল হাসানকে মেনশন করে অতিরিক্ত সচিব (ওএসডি) মাহবুব কবির মিলনও লিখেন, “আজ বাড্ডায় একজন পাঠাও চালক তাঁর আয়ের একমাত্র সম্বল মোটরবাইকটি ট্রাফিক পুলিশের মামলা দেয়ার ক্ষোভে প্রতিবাদ স্বরূপ রাস্তার উপর আগুনে পুড়িয়ে ফেলেছেন। তাঁকে একটি মোটরবাইক কিনে দিয়ে মানবিক সাহায্য করার মত কেউ কি আছেন, দেশে বা বিদেশে?“ —ওই পোস্টের মন্তব্যের ঘরেও অনেককেই ‘আমি দিতে চাই’ ধরণের মন্তব্য করতে দেখা গেছে।

সেখানে, রাকিব হাসান নামে একজন মন্তব্য করেন, “স্যার আমি কিনে দিবো, কাইন্ডলি আমাকে ডিটেইলস দিন। ইনশাআল্লাহ!”

মোহাম্মাদ আনসারুল হক নামে একজন লিখেন, “স্যার, আমি আমার গাড়িটি গিফট করে দিতে চাচ্ছি! ইনশাআল্লাহ!
এই মর্মে আপনার সহযোগিতা প্রয়োজন! বাজাজ প্লাটিনা গাড়ি (নতুন)! উবার-পাঠাও এর জন্য খুবই সুইটেবল হবে! গাড়ির ছবিটা নিচে দেয়া আছে।”

বাইক দিতে চান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীও। ওই পোস্টের মন্তব্যের ঘরে গোলাম রাব্বানী’র ভেরিফায়েড আইডি (Golam Rabbani) থেকে তিনি লিখেছেন— “Team Positive Bangladesh (TPB) এর পক্ষ থেকে আমি কিনে দিবো ইনশাআল্লাহ… ভুক্তভোগীর যোগাযোগ নাম্বারটা প্রয়োজন।”

মো. জীবন মাহমুদ নামে একজন লিখেছেন, “স্যার আমি আমার বেতনের অংশ থেকে… কিছু টাকা দিতে চাই… যদি সম্ভব হয়…বিকাশ নং দিবেন…”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ