বিশেষ প্রতিনিধি।। নীলফামারীর সৈয়দপুরের পূবালী ব্যাংক শাখায় হয়রানির অভিযোগ মিলেছে। অনলাইনে অন্য শাখায় টাকা পাঠানোর জন্য ওই শাখায় ব্যাংক হিসেব খুলতে বাধ্য করা হচ্ছে। এমন অভিযোগ সৈয়দপুর শহরের কয়েকজন ব্যবসায়ীর।
মেসার্স নিজাম ট্রেডার্স এর সত্ত্বাধিকারী নিজাম ( ৪০) নামে এক ব্যবসায়ী জানান, পূবালী ব্যাংকে ভৈরব শাখায় অনলাইনে টাকা পাঠানোর উদ্দেশ্যে যান ওই ব্যাংকে। ক্যাশ কাউন্টারে দায়িত্বে থাকা সুরঞ্জিত নামে ব্যাংক কর্মকর্তা অনলাইন করতে অস্বীকৃতি জানান। কারন জানতে চাইলে তিনি বলেন, আপনার এই শাখায় একাউন্ট না থাকলে অনলাইন গ্রহন করা সম্ভব না। অনলাইন করতে হলে আপনার স্বীয় নামে এই শাখায় একাউন্ট বাধ্যতামূলক। তাঁকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়।
বিপ্লব হোসেন (৪৩) নামে আরেক ব্যবসায়ী বলেন, সৈয়দপুর একটি ব্যবসায়িক শহর। ব্যবসায়ীদের একাধিক কোম্পানীর সাথে লেনদেন করতে হয়। এখানে প্রায় ৩০টি ব্যাংক রয়েছে। সবগুলো ব্যাংকে একজন হিসাব খোলা তাঁদের পক্ষে সম্ভব না। কিন্তু পূবালী ব্যাংক সৈয়দপুর শাখার কর্মকর্তাগন হিসেব খোলার জন্য তাঁদের একরকম জিম্মি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের একজন কর্মকর্তা জানান, একাউন্ট না থাকলে অনলাইন গ্রহন বা প্রেরণ করা যাবে না- এমন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের নেই। আমরা এ ধরনের গ্রাহককে ওয়াকিং কাষ্টমার বলে থাকি। অবশ্যই তারা ব্যাংকের কাছে এ সুযোগ-সুবিধা পাবে।
ওই ব্যাংটির সৈয়দপুর শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, অনলাইন টাকা পাঠাতে জোর করে হিসেব খোলার এমন ঘটনা আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।