সিসি নিউজ ।। নীলফামারীতে আমন ধান খেতে খোল পচা বা গোড়া পচা রোগ দেখা দিয়েছে। ফুল আসার শুরুতেই ধানের গোছায় এ রোগের আক্রমনে শুকিয়ে যাচ্ছে গাছ। এতে ধানগাছে ফুল আসা নিয়ে শঙ্কা করছে কৃষকরা।
সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের কৃষক আমিনুর রহমান জানান, তার প্রায় দেড় বিঘা আমনের খেতে ধানের গোড়া পচে গাছ শুকিয়ে গেছে। প্রথমে দুু’একটি ধানের গোড়ায় পচন দেখা দেয়। পরে একের পর এক জমির অন্যান্য ধানের গোড়ায় ভাইরাসের মতো এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে।
নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম জানান, কৃষি বিভাগের পরামর্শে খেতে ওষুধ প্রয়োগ করে আমন ধানের গোড়ালি পচা সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে আসলেও তা পুরোপুরি ঠেকানো সম্ভব হচ্ছে না।
কিশোরগঞ্জ উপজেলা কৃৃষি সম্প্রসারণ কর্মকর্তা তুষার কান্তি জানান, এ বছর বৃষ্টি কম হওয়ার কারণে ও সময়মত আগাছা পরিষ্কার না করায় মূলত আমন খেতে এ রোগ দেখা দেয়। তাছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে দিনে গরম আর রাতে ঠান্ডা পড়ায় এই রোগের প্রাদুর্ভাব ছড়ায় আমন ধানের ফসলে। তবে কৃষি বিভাগের পরামর্শে ওষুধ প্রয়োগে এ রোগ থেকে খেত রক্ষা করছে কৃষকরা।
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, আমন খেতে রোগের আক্রমনের বিষয়টি তিনি জানেন না। গোড়া পচা অথবা পাতা পোড়া রোগের কারণে খেতের ফসলে এমন লক্ষণ দেখা দেয়। তবে কোন রোগে আক্রান্ত হয়েছে তা জেনে কৃষকদের ওষুধ প্রয়োগের পরামর্শ দেয়া হয়। মাঠ পর্যায়ে তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথে এ বিষয়ে কথা বলবেন বলে জানান তিনি।