• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |

ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন

সিসি নিউজ ।। তাপমাত্রা কমছে নীলফামারীতে । গত এক সপ্তাহ থেকে এখানে ১৫ থেকে ১৭ ডিগ্রী সেলসিয়াসে উঠানামা করছে তাপমাত্রা। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘণ কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। রোববার ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা (ভিজিবিলিটি) কম থাকায় সৈয়দপুর বিমানবন্দরে ৩টি ফ্লাইট অবতরণ করতে পারেনি। সকাল সাড়ে ১১টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। ঠান্ডা আর ঘন কুয়াশায় ছিন্নমূল ও তিস্তা নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষের কষ্ট বাড়ছে। রোববার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। দিনে শীতে তীব্রতা কম থাকলেও রাতে বেড়ে যায় শীত।

নীলফামারীর ডিমলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জামাল উদ্দিন জানান, আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

নীলফামারী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শীতের তীব্রতা বাড়ায় জেলার বিভিন্ন হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়ষ্করা হাঁপানি, অ্যাজমা, নিউমোনিয়া, হৃদরোগসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে।

সৈয়দপুরে এনা ট্রান্সপোর্ট কমিশন এজেন্ট ফয়সাল দিদার দিপু জানান, কুয়াশার কারনে মহাসড়কের যানবাহনগুলো সকাল ১০টা পর্যন্ত গাড়ীর হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে। দূরপাল্লার নৈশ কোচগুলো উত্তরাঞ্চলে ঘণ কুয়াশার কবলে পড়ায় ১ থেকে দেড় ঘন্টা দেরিতে গন্তব্যে পৌছেছে।

দুপুর ১২টার দিকে কথা হয় জলঢাকা শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে কথা হয় রিক্সাচালক আমজাদ হোসেনের সাথে। তিনি জানান, ঘন কুয়াশা কারনে রাস্তাঘাটে লোকজন তেমনটা নেই। সকাল সাড়ে ১০টার দিকে বাজারে দোকানপাট খোলার পর রাস্তাঘাটে মানুষের চলাচল শুরু হয়। তবুও এখন পর্যন্ত যাত্রী তুলতে পারিনি রিক্সায়।

সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, রোববার সকাল ৮টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ৫০ মিটার। সকাল সাড়ে ১০টায় তা বেড়ে দাঁড়ায় ১৫শত মিটার। সাধারনত ১ হাজার ৮০০ মিটার দৃষ্টিসীমা থাকলে রানওয়েতে বিমান উঠানামা করতে পারে। দৃষ্টিসীমা কম থাকায় সকাল থেকে বাংলাদেশ বিমান, ইউএস বাংলা ও নভোএয়ারের মোট তিনটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেনি। এরফলে ওইসব ফ্লাইটের ঢাকাগামী দুই শতাধিক যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে প্রায় সাড়ে ৪ ঘন্টা আটকা পড়ে। সকাল সাড়ে ১১টার পর ঘন কুয়াশা কেটে যাওয়ায় বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।

বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, ঘন কুয়াশার কারণে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। শীতকালে বৈরী আবহাওয়ার কারনে প্রতিদিন উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটে থাকে। এ কারণে শীতকালে আলাদা সিডিউল মাফিক চলাচল করে এয়ারলাইন্সের ফ্লাইটগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ