• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন |

নিম্নমানের হেলমেট আমদানি বন্ধের তাগিদ আইজিপির

সিসি নিউজ ডেস্ক ।। সড়কে নিরাপত্তা দিন দিন চ্যালেঞ্জ হয়ে উঠছে জানিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ মোটরসাইকেল এবং সাইকেল চালকদের মানসম্পন্ন হেলমেট ছাড়া রাস্তায় বের না হতে পরামর্শ দিয়েছেন। তিনি দেশে নিম্নমানের হেলমেট আমদানি বন্ধের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর একটি হোটেলে ব্র্যাক আয়োজিত বাংলাদেশে ইউএন স্ট্যান্ডার্ড হেলমেট চালুকরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, দেশ যত উন্নত হচ্ছে রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা তত বাড়ছে। সড়ক নিরাপত্তাও দিন দিন চ্যালেঞ্জ হয়ে উঠছে।

এক পরিসংখ্যান উল্লেখ করে আইজিপি বলেন, সড়ক দুর্ঘটনার শিকারের ৭০ ভাগই পথচারী। অন্যদিকে, মোটরসাইকেল ভিকটিমদের বেশির ভাগই তরুণ, যাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তারা দেশের উৎপাদনক্ষম জনশক্তি। হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে বের না হতে পরামর্শ দেন তিনি।

পুলিশ-প্রধান বলেন, ‘গত ছয় মাসে দেশে এক হাজার ৪৯৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ৪৭৮টি। গত ছয় মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩৩৬ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ২৩৯ জনের হেলমেট ছিল না। আহত হয়েছেন ৩০৫ জন, এর মধ্যে হেলমেট ছিল না ২২৪ জনের। এটা হলো হেলমেট থাকা না থাকার একটা দিক। অন্যদিক হলো হেলমেটের কোয়ালিটি।’

দেশে হেলমেটের কোনো সার্টিফিকেশন কর্তৃপক্ষ নেই বলে জানান বেনজীর আহমেদ। তিনি বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন অথবা ইউএস স্ট্যান্ডার্ড হেলমেট আমদানি অথবা দেশে অ্যাসেম্বলিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ বলেন, দেশে এখন অনেক প্রতিষ্ঠান মোটরসাইকেল উৎপাদন করছে। মোটরসাইকেলের সাথে হেলমেট যুক্ত করে প্যাকেজ মূল্য নির্ধারণের জন্য মোটরসাইকেল উৎপাদনকারীদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিম্নমানের হেলমেট আমদানি বন্ধেরও দাবি জানান।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু বা আহত হলে এটা শুধু একটা পরিবারেরই ক্ষতি নয়, এতে দেশের অর্থনীতিও ক্ষতির সম্মুখীন হয়।

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এবং বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ