• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন |

ঠাকুরগাঁয়ে ব্যালট ছিনতাইকালে মেয়েসহ আওয়ামীলীগ নেতা আটক

সিসি নিউজ ডেস্ক ।। ঠাকুরগাঁও সদর উপজেলায় ব্যালট পেপার ছিনতাইয়ের সময় এক আওয়ামী লীগ নেতা ও তার মেয়েকে আটক করে পুলিশ। এসময় উত্তপ্ত পরিস্থিতি সামলাতে ফাঁকা গুলি ছোঁড়া হয় পুলিশের পক্ষ থেকে।

রোববার উপজেলার আখানগর ইউনিয়নের উত্তর ঝাড়গাঁও রহমানিয়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। আটককৃত আওয়ামী লীগ নেতা কাবুলকে ৬ মাসের কারাদণ্ড এবং তার মেয়েকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আটককৃত নেতা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাবুল (৪৫) ও তার মেয়ে কামরুন নাহার (২৫)। এদিকে পরিস্থিতি শান্ত করতে পুলিশের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন আবুল হোসেন (৩৫) নামের এক কৃষক। তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যালট ছিনতাইয়ের চেষ্টাকালে ফাঁকা গুলি ছোঁড়া হয়। এতে একজনের পায়ে গুলি লাগে। এই ঘটনায় ওই কেন্দ্রে প্রায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কেন্দ্রে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ভোট কেন্দ্রে দায়িত্বরত থাকা ম্যাজিস্ট্রেট রাকিবুজ্জামান বলেন, দোষীদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সদর উপজেলার সকল ভোট কেন্দ্রে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, ব্যালট পেপার ছিনতাই চেষ্টার ঘটনায় অভিযুক্ত কাবুলকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া তার মেয়েকে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ