ডিমলা প্রতিনিধি ।। নীলফামারীর ডিমলায় মুজিব শতবর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের বিনামূল্যে গৃহ নির্মাণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পচারহাট গ্রামে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন, আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা প্রকৌশলী মোঃ সফিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাউর রহমান, প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার।
উল্লেখ্য যে, উপজেলার ১৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর প্রদান করা হবে। দুইকক্ষ বিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা। গত বছরে ৩৮৫টি ঘর হস্তান্তর করা হয়েছে।