সিসি নিউজ ডেস্ক ।। চলতি বছরের মাঝামাঝি ১৪ জেলায় ১৪টি আঞ্চলিক কার্যালয় খুলবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেছেন, ‘আমরা চাচ্ছি মানুষ যেন কমপ্লেইনটা (অভিযোগ) তার দোরগোড়ায় বসে করতে পারে। দূরে যাওয়া যেন না লাগে।’
আজ মঙ্গলবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনার।
গত রোববার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন একটি ভবনে অস্থায়ী সমন্বয় কার্যালয়ের উদ্বোধন করেন দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। এ কার্যালয়ে দুজন উপ-সহকারী পরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১২ জন নিয়োজিত রয়েছেন।
কক্সবাজারে অফিস উদ্বোধনের বিষয়টি উল্লেখ করে দুদক কমিশনার বলেন, ‘বান্দরবানের লোকেরা চট্টগ্রামে এসে অভিযোগ করতে হতো। এখন থেকে আর বান্দরবান থেকে চট্টগ্রামে আসতে হবে না। কক্সবাজারের মতো বিভিন্ন জায়গায় আমরা অফিস করছি। আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে চাই। মানুষ যেন যেকোনো অভিযোগ কাছাকাছি অফিসে গিয়ে করতে পারে।’
জানা যায়, সারা দেশে দুদকের কার্যক্রম বিস্তৃত করতে ২০১৮ সালে পরিসর বাড়ানোর সিদ্ধান্ত নেয় দুদক। তিন বছর পর গত বছরের ২৮ অক্টোবর কমিশন সভায় দুদকের জেলা কার্যালয়গুলো চালুর সিদ্ধান্ত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই ১৪টি কার্যালয় স্থাপন ও চালুর কার্যক্রম শুরুর অনুমতি দেওয়া হয়। গত বছরের ১ নভেম্বর ইস্যু করা চিঠিতে কার্যালয় স্থাপনের পাশাপাশি দুদকে লোকবল নিয়োগ ও পদোন্নতিসহ যাবতীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়।
২০০৪ সালের ২১ নভেম্বর যাত্রা করে দুদক। বর্তমানে সারা দেশে ২৩টি সমন্বিত জেলা কার্যালয়কে কেন্দ্র করে চলছে সংস্থাটির দুর্নীতি দমন ও প্রতিরোধের কার্যক্রম।