সিসি নিউজ ডেস্ক ।। গাইবান্ধার সাঘাটায় নির্বাচন চলাকালীন সময়ে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আবু তাহের (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে ধারালো হাসুয়া দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার ভোটগ্রহণ শেষ হওয়ার আগ মুহূর্তে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের জুমারবাড়ী আদর্শ ডগ্রি কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের জুমারবাড়ি গ্রামের ওমর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, ভোট চলাকালীন বিকেল পৌনে ৩টার দিকে কেন্দ্রের বাইরে মেম্বার প্রার্থী আইজল মিয়ার (টিউবওয়েল) সমর্থক আবু তাহেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বি মেম্বার প্রার্থী রাসেল আহমেদের (পাখা) কর্মী-সমর্থকদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আবু তাহেরকে একা পেয়ে রাসেলের কর্মী-সমর্থকরা ধারালো হাসুয়া দিয়ে তার গলা কেটে ফেলে। গুরুতর আহত রাসেলকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়।
দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে আবু তাহেরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আলমগীর। তিনি জানান, কেন্দ্রের বাহিরে এই সংঘর্ষ হওয়ায় নির্বাচনী ফলাফলে এর কোন প্রভাব পড়বে না। সংঘর্ষের এ ঘটনায় ফৌজদারি অপরাধে মামলা হবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে বলেও তিনি জানান।