সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে বাঙ্গালিপুর ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার পদে পদোন্নতি অজ্ঞাত কারনে আটকে আছে। ওই ইউনিয়নের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা পদোন্নতি এ বিষয়টি জেনেও কোন পদক্ষেপ নিচ্ছেন না। ফলে বাধ্য হয়ে গ্রাম পুলিশ নিখিল চন্দ্র রায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টা নিরসনের আবেদন জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ওই ইউনিয়নের শ্রী নিখিল চন্দ্র রায় গ্রাম পুলিশের মধ্যে জ্যেষ্ঠ এবং দফাদার পদে পদোন্নতি পাওয়ার যোগ্যতা রাখেন। তাই ২০১৯ সালের ১৯ আগস্ট ইউনিয়ন পরিষদের নিয়মিত একটি সভায় তাঁকে গ্রাম পুলিশ থেকে দফাদার পদে পদোন্নতি দিতে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু দুই বছরের বেশি সময় পার হলেও এ সিদ্ধান্ত এখনও বাস্তবায়ন হয়নি। অথচ ২০২১ সালের ২৬ ডিসেম্বর এই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। আর কয়েকদিনের মধ্যে নতুন একটি পরিষদ দায়িত্ব নেবে। তাই হতাশা ও নিরাশার মধ্যে দিন কাটছে তাঁর।
নিখিল চন্দ্র রায় বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী দফাদার পদে পদোন্নতি পেতে আমার কোন জটিলতা নেই। এ ছাড়া নিয়োগের ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চাহিদাও পাঠানো হয়। ইউপি চেয়ারম্যান প্রনোবেশ চন্দ্র বাগচী পরিষদের দায়িত্বে থাকাকালীন আমার নিয়োগ প্রক্রিয়াটি বাস্তবায়ন করতে আমি ইউএনও মহোদয়ের কাছে আবেদন জানিয়েছি।