সিসি নিউজ ।।নীলফামারীর ডিমলায় ঝড় ও শিলাবৃষ্টিতে প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। এ সময় সহস্রাধিক গাছপালা ভেঙে গিয়ে রাস্তার ওপর পড়েছে। এতে পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি ও বালাপাড়া ইউনিয়নের সাথে উপজেলা শহরের যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়।
বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম চৌধুরী জানান, মাত্র ১০ মিনিটের এই ঝড় ও শিলাবৃষ্টিতে উঠতি ফসল ভুট্রা, ধান, পাট, মরিচ এবং গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। বেশকিছু বাড়ি-ঘরে ওপর গাছ পড়ে ক্ষতির পরিমান বেড়েছে। তবে এ পর্যন্ত কোন আহতের খবর পাওযা যায়নি।
তিনি আরো জানান, সড়কে গাছপালা ভেঙ্গে পড়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে ডিমলা ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তা থেকে গাছপালা সরানোর কাজ করছে। এদিকে ঝড়ের পর হতে পুরো উপজেলায় কোথাও বিদ্যুৎ সরবরাহ নেই। ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ও তারের ওপর গাছপালা উপড়ে পড়ায় বিদ্যুত সঞ্চালন লাইন বন্ধ করার কথা জানিয়েছেন স্থানীয় বিদ্যুত অফিস কর্তৃপক্ষ।
পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই গ্রামের শামিম হোসেন জানান, শিলাবৃষ্টির কারণে দূর্বল পুরনো ও পাতলা টিনের চাল ফুটো হয়ে গেছে। বোরো ধান, ভুট্টা, মরিচ, পাট শিলাবৃষ্টির আঘাতে নষ্ট হয়ে গেছে।
ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী জানান, শিলাবৃষ্টিতে বোরো ধানসহ উঠতি ফসলের ক্ষতি হতে পারে। প্রকৃতভাবে ক্ষতি নির্নয় ও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রনয়ন করতে মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ কাজ চলছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, আকষ্মিক ঝড়ের আঘাতে অনেক বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে অসংখ্য গাছপালা। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার একটি প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
এদিকে ডোমারের চিলাহাটিতে ঝড়ে অর্ধ শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।