সিসি নিউজ ।। ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর কৃষক তোফাজ্জল হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১২টার দিকে অতিরিক্ত দায়রা জজ আদালত সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রানীশংকৈলের বলাঞ্চা গ্রামের কমির উদ্দীনের ছেলে নজরুল ইসলাম, একই গ্রামের নজরুল ইসলামের ছেলে ইউনুস আলী ও বদির উদ্দীনের ছেলে সেকেন্দার আলী, উপজেলার চন্দন চৌহাট গ্রামের কতিব উদ্দীনের ছেলে আব্দুল জলিল, বালিয়া ডাঙ্গী উপজেলার ভানোর বালিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে কোফিল উদ্দীন। তাদের প্রত্যেকে এক হাজার টাকা করে অর্থদণ্ডও দেন আদালত।
তাদের মধ্যে পলাতক রয়েছে দুই আসামি সিকেন্দার আলী ও নজরুল আলী।
এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলা থেকে খলিলুর রহমান, তোফাজ্জল হোসেন ওরমজিবর রহমানকে খালাস দিয়েছেন আদালত।
এসব তথ্য নিশ্চিত করে সরকার পক্ষের আইনজীবি আব্দুল হামিদ বলেন, ১২ বছর আগে অর্থাৎ ১৪ মার্চ ২০১০ সালে ভুট্টা ক্ষেতে একটি মস্তকবিহীন লাশ পাওয়া গেলে বালিয়াডাঙ্গি থানার এসআই আতিকুল ইসলাম বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। যার তদন্তভার তার উপর অর্পিত হলে তিনি সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তার আসামির দেয়া তথ্যমতে একটি ইটভাটা থেকে একটি মাথার খুলি উদ্ধার করেন।
পরবর্তীতে এসআই ফরহাদ আট জনকে আসামি করে মামলার চার্জশিট দাখিল করেন। পরে জেলা সিআইডি’র পরিদর্শক মোজাম্মেল হক মামলাটির ভালোভাবে তদন্ত করে ওই আট জনকে প্রাথমিকভাবে দোষী করে আবারও চার্জশিট দাখিল করেন।
তদন্তকালে আসামি ইউনুস আলী, আব্দুল জলিল ও কফিল উদ্দীন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এই মামলায় রাষ্ট্রপক্ষের মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।