
সিসি নিউজ।। নীলফামারীর ডিমলায় নাউতারা মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিক্ষক মাহমুদুল হাসান নয়নকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্কুল শিক্ষার্থীরা। সোমবার(২মে) বিকাল ৩টায় স্কুলের সামনে সোনামনিরডাঙ্গা ডিমলা সড়কের উপর এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দশম শ্রেনীর ছাত্রী আলিফ নুরা আকতার মুন্নি, বন্যা, চন্দন,রনিসহ স্কুলের শিক্ষক আব্দুস সালাম,মোতাহারা আকতার প্রমুখ। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, আমরা একটি কঠিন দুঃসময় অতিক্রম করছি। আমাদের চেয়ে দেখতে হচ্ছে আমাদের শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছে। কোন বিচার পাচ্ছি না। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় পরবর্তিতে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নাউতারা মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক মোতাহারা আকতার ও অন্যান্য শিক্ষকরা জানান,
গত রবিবার(১মে)মধ্যরাতে অধ্যক্ষ মাহমুদুল হাসান নয়ন সোনামনিরডাঙ্গা বাজার থেকে বাড়ী ফেরার পথে, পূর্ব থেকে ওত পেতে থাকা লিটনের নেতৃত্বে একটি দল অধ্যক্ষের উপর হামলা চালায়। তার-চিৎকারে দোকানে থাকা লোকজন বের হয়ে আসলে সবাই পিছু হটে। আমরা এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ভুক্তভোগী অধ্যক্ষ মাহমুদুল হাসান জানান, আমার শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক জনপ্রিয়তায় ঈর্ষানিত একটি কুচক্রী মহল গতকাল মধ্যরাতে আমাকে অপহরণের উদ্দেশ্যে হামলা চালায়। এ ব্যাপারে আইনি আশ্রয়ের জন্য প্রক্রিয়া চলমান।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান জানান, এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন জানান, এ ব্যাপারে মৌখিক অভিযোগ পেয়েছি।লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।