সিসি নিউজ ।। সারাদেশের মত নীলফামারীর সৈয়দপুরেও প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনোসিস সেন্টারগুলোতে অভিযানে নেমেছে প্রশাসন। সোমবার অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানের ১৭ হাজার টাকা জরিমানা ও দুইটি সিলগালা করে কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে।
জানা যায়, মেয়াদ উত্তীর্ণ জেনেটিক্স কিট সামগ্রী পাওয়ার কারণে শহীদ ডাঃ জিকরুল হক সড়কের মডার্ন হোমিও ফার্মেসি সংলগ্ন প্রিন্স ডায়াগনস্টিক সেন্টার ও নিবন্ধন না থাকায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল সংলগ্ন হাসান মাহবুবের মেডিকেয়ার ডায়াগনস্টিকও সীলগালা করে দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেয়ার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান।
এছাড়া ওই দিন সেবন প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে সেগুলোর মধ্য তুলশীরাম সড়কে নতুন বাবুপাড়ার সোনালী ব্যাংকের সামনে গ্রীন লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনোসিসের ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় এর ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমানের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সড়কস্থ পৌরসভা সংলগ্ন নিউ এ্যাপোলো ডায়াগনস্টিকের রেজিষ্টারে রোগীর রেফার করা চিকিৎসকদের কমিশন প্রদানের বিষয় উল্লেখ থাকায় পরিচালক লিটু রায়ের ২ হাজার ও নতুন বাবুপাড়ার কলিম মোড় এলাকার জনতা ল্যাবের লাইসেন্স নবায়ন না থাকায় পরিচালক আবু তালেবের ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. চন্দ্র রায় ও সহকারী চিকিৎসক ডা. সাবাব আসফাক। তাঁদের সহযোগীতা করেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান জানান, সৈয়দপুর শহরে প্রায় ৪০ টি ডায়াগনোসিস ও প্যাথলজিকাল সেন্টার রয়েছে। এর মধ্যে মাত্র ১০টিতে অভিযান চালানো হয়েছে। আগামীতে বাকিগুলোতে অভিযান চালানো হবে।