• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন |
শিরোনাম :

২৫ শ্রমিকের প্রাণ বাঁচানো সেই হানিফকে পুরস্কৃত

সিসি নিউজ ডেস্ক।। সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে আহত ২৫ শ্রমিককে নিজের জীবন বাজি রেখে দেয়াল টপকে বের করে আনেন চা-দোকানি হানিফ। জীবনের ঝুঁকি নিয়ে বিস্ফোরণে আহতদের বাঁচানোর সাহসিকতার জন্য তাঁকে পুরস্কৃত করেছেন সিএমপি পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।

বুধবার বিকেলে দামপাড়ার পুলিশ কমিশনার কার্যালয়ে তাঁকে সম্মান ও স্বীকৃতি প্রদান করে তাঁর হাতে পুরস্কার তুলে দেন তিনি।

জানা যায়, চা-দোকানি হানিফ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার মৃত নুরুল আহাদের ছেলে। ছোটবেলা থেকেই সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লালবাগ এলাকায় বসবাস করেন তিনি। ৮ সন্তানের জনক হানিফ দুই বছর আগে বিএম ডিপোর পাশে চায়ের দোকান দেন। দোকানের আয় দিয়েই চলে তাঁর সংসার।

সিএমপি পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর বলেন, নিজ জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচানোর চেষ্টার মাধ্যমে চা-দোকানি হানিফ যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাঁর জন্য সবার কাছে স্মরণীয় হয়ে থাকবেন তিনি। বিপদে পড়া মানুষকে বাঁচাতে তাঁর এই সাহসিকতা, জীবনমুখিতা ও অসামান্য অবদানকে সম্মান দিতে আমরা তাঁকে পুরস্কৃত করেছি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘বিএম ডিপোর অগ্নিকাণ্ড পরবর্তী বিস্ফোরণে আহত ২৫ শ্রমিককে দেয়ালের সঙ্গে মই লাগিয়ে দেয়াল টপকে বের করে আনার খবরটি প্রকাশের পর তা সিএমপি পুলিশ কমিশনারের নজরে আসে। চা-দোকানি হানিফের মহানুভবতা দেখে সিএমপি কমিশনার আবেগাপ্লুত হয়ে পড়েন। তাই তাঁর সাহসিকতাকে সম্মান জানাতে তাঁকে নিজ হাতে পুরস্কৃত করেন তিনি।’

চা-দোকানি হানিফকে পুরস্কৃত করার সময় উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন, ইউপি সদস্য ইয়াকুব প্রমুখ।

উৎসঃ আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ