সিসি নিউজ।। নীলফামারীতে আগামী ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সাংবাদিকদের নিয়ে কর্মশালার আয়োজন করেন জেলা স্বাস্থ্য বিভাগ।
শনিবার (১১ জুন) বিকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ইপিআই সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীর।
ক্যাম্পেইনের তথ্য উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা (মেডিক্যাল অফিসার) এমওসিএইচ ডা. আব্দুল্লাহ আল মামুন।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীর বলেন, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার ১ হাজার ৫ শত ৮৭ টি কেন্দ্রে ৩ লাখ ৬ হাজার ৩ শত ১২ জন শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে। এটি আগামী ১৯ জুন পর্যন্ত চলবে।
এদের মধ্যে ৬-১১ মাস বয়সী ৩০ হাজার ৭ শত ২৩ জন এবং ১২- ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ২ লাখ ৭৫ হাজার ৫ শত ৮৯ জন। ৬-১১ মাস বয়সীদের নীল এবং ১২-৫৯ মাস বয়সীদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও বলেন, জেলার ৬১ টি ইউনিয়ন ও চারটি পৌরসভা নিয়ে ১ হাজার ৫ শত ৮৭ টি কেন্দ্রে ৩ হাজার ১ শত ৭৪ জন স্বেচ্ছাসেবক এবং ১ শত ৯১ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।