খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। এবার দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া কুমারপাড়ায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসার পথে ধান ক্ষেতে অপো (২৩) নামে বিবস্ত্র এক নারী ও ভাবকি ইউনিয়নে জমি চাষ করতে গিয়ে ট্রাক্টর (হ্যারো) চালক ইউনুস (৩০) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনা দুটি গত শুক্রবার রাতে ঘটেছে। এর আগে শুক্রবার সকালে তালাকপ্রাপ্ত হয়ে অন্যত্র বিয়ে করা ৩ সন্তানের জননী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছিল৷ এক দিনের ব্যবধানে এমন অস্বাভাবিক মৃত্যু নিয়ে জনমনে আতংক তৈরী হয়েছে।
জানা যায়, শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যার দিকে ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া কুমার পাড়ায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে ধান ক্ষেতে মিশন চন্দ্র রায়ের স্ত্রী অপো রাণী রায় (২৩) এর বিবস্ত্র অবস্থায় লাশ পথচারীরা দেখতে পায়। পাশেই নিহতের সাথে ১০ বছরের মেয়ে বিপাশা রাণী রায়কে অজ্ঞান অবস্থায় দেখতে পায় ৷ পরে পথচারীরা লোক ডাকাডাকি করে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর সুরতহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরে পাঠায়। আর অজ্ঞান শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরিবারের দাবি, নিহতকে গণধর্ষণের পর ঘটনাটি ধামাচাপা দিতেই তাকে হত্যা করা হয়েছে।
অপরদিকে একই দিনে রাত প্রায় ১১ টার দিকে ভাবকি ইউনিয়নের রেয়াজ ডাক্তার পাড়ায় জমি চাষ করতে গিয়ে চাষকৃত জমি থেকে ট্রাক্টর (হ্যারো) চালক ইউনুস আলীকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহালে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার বিষয়ে পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য ইউনুস আলীর লাশও দিনাজপুরে পাঠায়।
লাশ উদ্ধারের বিষয়গুলো নিশ্চিত করে খানসামা থানার ওসি (তদন্ত) তাওহীদুল ইসলাম বলেন, লাশ দুটি উদ্ধারের পর সুরতহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই সঠিক তথ্য জানা যাবে। যদিও ইতিমধ্যে আমরা তদন্ত কাজ শুরু করেছি। দ্রুত সময়ে মৃত্যুর কারন উদঘাটন করা হবে।