সিসি নিউজ ।। সারাদেশের মতো নীলফামারী জেলাতেও শুরু হয়েছে সরকারের ওএমএস আওতায় খাদ্য শস্য বিক্রয় কার্যক্রম। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠে এক যোগে কর্মসূচির উদ্বোধন করেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
নীলফামারী জেলা প্রশাসন আয়োজিত বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সারোআর আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাজমুল হক ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, মহিলা ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী বক্তৃতা করেন। জেলায় খাদ্য নিয়ন্ত্রক মো. নাজমুল হক ভূঁইয়া জানান, ওএমএস কর্মসূচির আওতায় জেলার ছয় উপজেলা প্রতিদিন ১৫ হাজার ২০০ জন সুবিধাভোগী ১৯টি পয়েন্ট থেকে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন।
জেলায় মোট ৪২ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। প্রতিদিন ১৯ জন করে ডিলার ১৯টি পয়েন্টে ২ মেট্রিক টন করে ৩৮ মেট্রিক টন চাল বিক্রয় করবেন। ওএমএস কার্যক্রম সপ্তাহে পাঁচ দিন চলবে ।