সিসি নিউজ ।। প্রতিদিনের সরকারী কাজের অংশ হিসেবে পরিদর্শনে গিয়ে বিভিন্ন বিষয় ও বিদ্যালয়ের মানউন্নয়ন নিয়ে আলোচনা করেন। সেই সাথে ক্লাসও নিলেন নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন।
ডিমলা আদর্শ উচ্চ উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থীদের গণিত ক্লাসে পাঠদান করেন তিনি। এসময় শিক্ষার্থীরা নিবিড়ভাবে মনোযোগ দিয়ে অংক ক্লাস করেন।
রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে যান। এ সময় তিনি দেখেন নবম শ্রেণির শিক্ষার্থীদের গণিত বিষয়ে ক্লাস চলছে। ক্লাস চলাকালীন ছাত্র-ছাত্রীদের সাথে পিছনের ব্রেে বসে গণিত ক্লাস দেখছিলেন তিনি।
তারই এক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ক্লাসটি পরিচালনা করবেন বলে অনুমতি নেন ইউএনও। পরে প্রায় ঘণ্টাব্যাপী গাণিতিক সুত্র বুঝিয়েছেন তিনি। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস, ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।
ইউএনও বেলায়েত হোসেন বলেন, কাজের অংশ হিসেবে প্রতিদিন উপজেলার কোনো না কোনো ইউনিয়নে যেতে হয়। সময় সুযোগ পেলেই আমি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাসে ঢুকে সচেতনতা মূলক আলোচনা করি। এটা আমার খুব ভালো লাগে। তা ছাড়া এই কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি, দেশ ও মানবপ্রেমে উদ্বুদ্ধ করা এবং সমাজে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে আমি ব্যক্তিগতভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউএনওর ক্লাস নেওয়া প্রসঙ্গে নবম শ্রেণির এক শিক্ষার্থী বলে, স্যারের ক্লাসে খুব আনন্দ পেয়েছি। তিনি খুব সুন্দর করে আমাদের আজকের গণিত ক্লাসটি নিয়েছেন। এটি ভূলে যাওয়ার মতো নয়।
এছাড়াও স্যারের কাছ থেকে আমরা অনেক নতুন বিষয় জানলাম। বিদ্যালয়টির পাশে দাঁড়িয়ে থাকা অভিভাবকরা বলেন, এভাবে ইউএনও স্যার যদি মাঝে মধ্যে বিদ্যালয়ে আসেন তাহলে আমাদের বাচ্চাদের খুব উপকার হবে। শিক্ষকদের মধ্যেও সুষ্ঠু প্রতিযোগিতা বাড়বে।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় বলেন, ইউএনও স্যারের ক্লাসে ছাত্র-ছাত্রীরা অনেক মজা পেয়েছেন। স্যার প্রায় ঘণ্টাব্যাপী সময় ধরে তাদের সঙ্গে মিশে গিয়েছিলেন। অনেক বিষয় নিয়েই তিনি আলোচনা করেছেন। বিশেষ করে জাতীয় দিবস গুলোর তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের গুরুত্ব সহকারে বুঝিয়েছেন।