সিসি নিউজ ।। ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের ২০বছর পূর্তি উপলক্ষে নীলফামারীতে সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় সরেজমিনে গিয়ে অতিদরিদ্র থেকে পরিবর্তন হওয়া ১৬পরিবারের সাথে কথা বলেন তিনি।
এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সহকারী কমিশনার(ভুমি) ইবনুল আবেদীন, পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার, নীলফামারী প্রেসক্লাব সভাপতি তাহমিন হক ববি ও নীলফামারী সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয়কারী নূর আলম বক্তব্য দেন।
এতে ইউপিজি প্রোগ্রামের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন ব্র্যাক নীলফামারী জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম। অনুষ্ঠানে এলাকার ময়না শর্মা বলেন, ২০০২সালে ব্র্যাকের দেয়া গরুতে বদলে গেছে আমার জীবন। সে সময়ের কষ্ট উত্তোরণ ঘটানো কোন ভাবে সম্ভব হতো না। ব্র্যাকের কারণেই আজকে আমার ছেলে পড়াশোনা শেষ করে বেসরকারী একটি কলেজে শিক্ষকতার সুযোগ পেয়েছে। অনুষ্ঠানে ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক নাজমুল হোসাইন, আঞ্চলিক ব্যবস্থাপক(ইউপিজি) সাইদুর রহমান ও শফিকুর ইসলাম, মানবসম্পদ বিভাগের উপ-ব্যবস্থাপক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
আলট্রা পুওর গ্র্যাজুয়েশনের(ইউজিপি) আঞ্চলিক ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, ২০০২সালে নীলফামারী, রংপুর ও লালমনিরহাট জেলায় অতিদরিদ্র মানুষদের জীবনমান উন্নয়নে এই প্রকল্পটির যাত্রা শুরু করে। যার ২০বছর পূর্তি হলো এবারে। মাঠ পর্যায়ে পরিবর্তনের চিত্র স্বচোখে দেখতে মাঠ পরিদর্শনের আয়োজন করা হয়। পরিদর্শণকালে গবাদী পশু পালন, নার্সারী, দর্জি, সবজি বাগান করে জীবন মান উন্নয়ন ঘটানো কয়েকটি পরিবারের কার্যক্রম পরিদর্শণ করেন জেলা প্রশাসক।