
নীলফামারী প্রতিনিধি।। জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্বহাত ধোয়া দিবস উপলক্ষে ‘সঠিক ভাবে হাত ধোয়া প্রদর্শণী’ অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সঠিক ভাবে হাত ধোয়া উপস্থাপন করা হয় শিক্ষার্থীদের মাঝে। নীলফামারী সদর উপজেলা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী তুষার কান্তি রায় এ কলা কৌশল শেখান। এরআগে বেলুন উড়িয়ে স্যানিটেশন মাসের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আজাহারুল ইসলাম। পরে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সোমবার দুপুরে অনুষ্ঠিত আলোচনায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোহাম্মদ ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাইফুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী মুরাদ হোসেন ও সহকারী জেলা তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায় বক্তব্য দেন। প্রসঙ্গত ‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’ বর্জ্যের পরিশোধন, নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন’ শ্লোগানে উদযাপিত হচ্ছে জাতীয় স্যানিটেশন মাস। সরকারী বিভিন্ন দফতর প্রধান, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ছাড়াও শিক্ষকরা এতে অংশগ্রহণ করেন।