সিসি নিউজ।। রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মহানগর জাতীয় পার্টির সভাপতি ও বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে লাঙল প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
রোববার দুপুরে ঢাকা বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দলীয় চেয়ারম্যানের পক্ষে মহাসচিব মজিবুল হক চুন্নু তাকে মনোনয়ন দেন।
মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে দলের ভাইস চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এস এম ইয়াসীর এবং সদস্য সচিব আনিসুর রহমান আনিস মনোনয়নপত্র গ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনিসুর রহমান আনিস বলেন, রংপুরে একাধিক সভা-সমাবেশে বর্তমান সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলেন জাপা চেয়ারম্যান ও মহাসচিব। সবশেষ গত ২৫ অক্টোবরও রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত মহানগর জাপার সম্মেলনে মোস্তফাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
এদিকে মনোনয়ন পেয়ে দলের চেয়ারম্যান ও মহাসচিবসহ রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, জাতীয় পার্টি রংপুর মহানগরের দায়িত্ব পাওয়ার পর থেকে আমি দলকে সংগঠিত করেছি। মেয়র নির্বাচিত হয়ে নগরবাসীর উন্নয়নে দিনরাত কাজ করেছি। আমার কাজে সন্তুষ্ট হয়ে দল আমাকে দ্বিতীয়বার মনোনয়ন দিয়েছে। আমি দলের চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি ধন্যবাদ জানাচ্ছি।
গত ৩ নভেম্বর রংপুর সিটি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পরে ৭ নভেম্বর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ ডিসেম্বর। এর পরদিন ৯ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
প্রসঙ্গত, ২০১২ সালের ২৮ জুন ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন গঠন হয়। ওই বছরের ২০ ডিসেম্ব রংপুর সিটি প্রথম নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝণ্টু নগরপিতা হিসেবে নির্বাচিত হন। ২০১৭ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তফা মেয়র নির্বাচিত হন। বর্তমানে রংপুর সিটির জনসংখ্যা প্রায় ১০ লাখ। আর ভোটার রয়েছে চার লাখের বেশি।