সিসি নিউজ।। নীলফামারীর ডোমারে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বেরিয়ে মো. আরমান হোসেন(১২) নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে। তার খোঁজ না পেয়ে দিশেহারা বাবা-মা। শনিবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার সোনারায় ইউনিয়নের র্ফামহাট কৈগিলা এলাকা থেকে নিখোঁজ হয় আরমান। পরে সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়ে কোনো সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে ডোমার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আরমানের বাবা আনজারুল হক।আরমানের ফুপাতো ভাই র্মোশেদ বলেন, মাদ্রাসা যাবার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আমরা সব জায়গায় খোঁজ করেও না পেয়ে তার বাবা থানায় সাধারণ ডায়েরি করে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট, মাইকিং করে তার খোঁজ পাওয়ার চেষ্টা করছি। গতকাল থেকে আমার ফুফুর মুখের দিকে তাকানো যাচ্ছে না। বাড়ির কেউই কোনো কিছু মুখে দিচ্ছে না। সবার কাছে অনুরোধ ছোট ভাই আরমানকে খুঁজে দিন।
ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ উন নবী ঢাকা পোস্টকে বলেন, শিশুটির খোঁজে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। সব থানায় তার নিখোঁজের তথ্য দেওয়া হয়েছে। আশা করছি দ্রুত শিশুটিকে তার পরিবারের মাঝে ফিরিয়ে দিতে পারব।