নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে নারীর আত্মনির্ভশীলতায় শুরু হয়েছে ৬০ দিনের সেলাই প্রশিক্ষণ। বুধবার সকালে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের কমিউনিটি ধান ব্যাংকে ওই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের আয়োজন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা।
সকাল ১০টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহীম তালুকদার। এসময় বামনডাঙ্গা কমিউনিটি ধান ব্যাংকের সভাপতি রিপা রাণী রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন পলাশবাড়ি ইউপি সদস্য বিনয় কুমার রায়, উদয়াঙ্কুর সেবা সংস্থার সমন্বয়কারী কুদ্দুস সরকার, বামনডাঙ্গা কমিউনিটি ধান ব্যাংকের সাধারণ সম্পাদক অলকা রাণী রায়, কোষাধ্যক্ষ বিনোদিনী রায় প্রমুখ।
উদয়াঙ্কুর সেবা সংস্থার বাস্তবায়ন কমিটির সদস্য ওমর ফারুক জানান, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নারীদের আত্মনীর্ভশীল করতে ওই প্রশিক্ষণের আয়োজন। ৬০ দিনের প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে একটি করে সেলাই মেশিন বিনামূল্যে প্রদান করা হবে।