• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার পুণঃখনন কাজ শুরু

সিসি নিউজ।। নীলফামারীতে শুরু হয়েছে বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার পুণঃখনন কাজ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রকল্পটির ব্যারেজ এলাকা জলঢাকা উপজেলার কালিগঞ্জ নামক স্থানে ওই খনন কাজের উদ্বোধন করা হয়। নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন।
৯৯ কোটি টাকা ব্যয়ে এক হাজার ২১৭ একরের ওই জলাধারটির প্রথম পর্যায়ে খনন করা হবে ৬৬৭ একর। খনন শেষে জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার পাঁচ হাজার ৫০০ একর জমিতে নিরবিচ্ছিন সেচ সুবিধার সক্ষমতা বাড়াতে হাতে নেওয়া হয়েছে প্রকল্পটির। এতে করে প্রতি বছর বাড়তি ২৬ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হবে। যার বাজার মূল্য ৭২ কোটি টাকা। এছাড়া সেচ সুবিধায় জ্বালানী এবং সার বাবাদ সাশ্রয় হবে সাড়ে ১৫ কোটি টাকা।
উদ্বোধনী ওই অনুষ্ঠানে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম, জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লাইছুর রহমান, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির, নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল মান্নান প্রধান প্রমুখ।
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার জানান, ১৯৬৫ সালে স্থাপিত প্রকল্পটিতে পলি পড়ে জলাধারের তলদেশ ভরাট হয়ে কমে যায় পানি ধারণ ক্ষমতা। প্রকল্পটি পানি সম্পদ মন্ত্রনালয় ও পানি উন্নয়ন বোর্ড পুনরায় চালুর উদ্যোগ নিলে ২০২১ সালে আমন মৌসুমে এক হাজার ৫০০ হেক্টর জমিতে সম্পূরক সেচ প্রদান করা সম্ভব হয়। প্রকল্পটি থেকে নিরবিচ্ছিন্ন সেচ সরবরাহের লক্ষ্যে তিস্তা সেচ প্রকল্পের সঙ্গে সমন্বিত করতে ২০২১ সালের ৪ মে একনেকে ১৪৫২ দশমিক ৩৩ কোটি টাকার অনুমোদন দেন প্রধানমন্ত্রী। উক্ত প্রকল্পের অংশে ৯৯ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্যাকেজে ওই জলাধারটির প্রথম ধাপে ৬৬৭ একরে পুণঃখনন কাজ শুরু হলো। যা সমাপ্ত হবে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর। প্রকল্পটি বাস্তবায়িত হলে সেচের পাশাপাশি পরিবেশের উন্নয়ন, ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি ও মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ