চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের চিরিরবন্দরের পল্লীতে আগুনে পুড়ে ৩ টি বাড়ি পুড়ে সর্বস্ব ছাই হয়ে গেছে। বর্তমানে ওই তিন পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে।
এ ঘটনাটি গত মঙ্গলবার দিবাগত রাত ৩ টার সময় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ সুকদেবপুর গ্রামের ফকির পাড়ায় ঘটেছে। আগুন লাগার ফলে মানুষরা ঘর থেকে বের হতে পারলেও ঘরে রাখা জমানো টাকা, গরু, ছাগল, হাসঁ, মুরগীসহ ঘরের আসবারপত্রসহ সর্বত্র পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক জাহাঙ্গীর আলম বলেন, বাড়ির সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। আমার উপার্জনের একমাত্র ব্যাটারি চালিত ভ্যানটিও পুড়ে ছাই হয়েছে। বাড়ির গরু, ছাগল, জমানো ১৮ হাজার টাকাসহ পড়নের একমাত্র কাপড়টি বাদে সব পুড়ে ছাই হয়ে গেছে। অপর একজন বাড়ির মালিক শাহ আলম বলেন, আমরা ঘুমিয়ে ছিলাম, পাশের বাড়িতে আগুন লাগার কারণে ওদের চিৎকার চেঁচামেচিতে ঘর থেকে বের হয়ে দেখি আমাদের ঘরের টিনেও দাউ দাউ করে আগুন জ্বলছে। সমিতির ৭০ হাজার টাকাসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় স্থানীয় চিরিরবন্দর টেকনিক্যাল এ- বিএম কলেজের অধ্যক্ষ ও চিরিরবন্দর আইডিয়াল স্কুলের পরিচালক মমিনুল ইসলাম মমিন তাদের নগদ অর্থ ও পড়নের জন্য কাপড় কিনে দিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণ করেছে।
চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মাহবুব আলম জানান, আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নেয়া হয়। আগুনে তিনটি বসতবাড়ির গরু ছাগল, হাঁসমুরগীসহ সবকিছু পুড়ে গেছে। আগুনের সুত্রপাতের কারণ জানা যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ খালিদ হাসান জানান, ইতোমধ্যে ক্ষতির পরিমান নির্ণয় করা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে দ্রুততম সময়ের মধ্যেই নগদ অর্থসহ সরকারি সহায়তা দেয়া হবে।