• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন |

ভুমিহীনমুক্ত হতে যাচ্ছে নীলফামারীর দুই উপজেলা

সিসি নিউজ।। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে নীলফামারীয়ে চতুর্থ ধাপে জমিসহ ঘর পাচ্ছে আরও ৪৮০ টি পরিবার। এর মধ্যে ১৬৫টি পরিবারে জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে শতভাগ ভূমিহীনমুক্ত উপজেলা হতে যাচ্ছে নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলা। বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবেন।
মঙ্গলবার (২১ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং-এ এসব জানান জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে ১৯৯৭ সালে আশ্রয়ন প্রকল্প নামের একটি প্রকল্প চালু হয় ।  এর প্রেক্ষিতে সম্পুর্ন বাংলাদেশ সরকারের অর্থায়নে ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত ২টি ফেইজে মোট ৫ লক্ষ ৩১ হাজার ৩৬৭ টি পরিবারকে পুর্নবাসন করা হয়েছে৷ এছাড়াও ফেইজ ৩ এর আওয়ায় ২.৫০ লক্ষ মানুষকে আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ার পরিকল্পনা গ্রহন করা হয়েছে৷ আর সেই পরিকল্পনা বাস্তবায়নে যেখানেই সরকারের খাস জমি আছে, সেগুলো উদ্ধারের পর বাড়ি তৈরি করা হচ্ছে। যেসব জায়গায় পর্যাপ্ত জমি নেই, সেখানে কেনা হচ্ছে জমি। শুধু তাই নয়, প্রভাবশালীদের অবৈধ দখলে থাকা খাসজমি উদ্ধার করে আশ্রয়ণের ঘর নির্মাণ হয়েছে। সেই ঘরের মধ্যে আগে তিন ধাপে নীলফামারীর ৬ উপজেলায় ৩ হাজার ৪৬৭ টি ঘর হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, বলেন, নীলফামারী ২ টি উপজেলা ভুমিহীন ঘোষণা করা হবে।  ৪৮০ টি ঘর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রদান মন্ত্রী সরাসরি উদ্বোধনের মাধ্যমে এ ঘোষণা প্রদান করা হবে।
তিনি বলেন, প্রতিবন্ধী, ভিক্ষুক, বিধবা, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীসহ অনেক গৃহহীন আছেন যারা ঘরগুলো পেয়েছেন। যেসব এলাকায় ভুমিহীন ঘোষনা করা হয়েছে সেসব এলাকায় যদি প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে কোনো ভূমিহীন পাওয়া যায়, দ্রুত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
সৈয়দপুরে ইউএনও’র প্রেস ব্রিফিং
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক বুধবার (২২ মার্চ) সুবিধাভোগী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে এক প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বিকেল তিনটায় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাঁর অফিস কক্ষে ওই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।
উক্ত প্রেস ব্রিফিংয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান বলেন, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ ধাপের প্রথম পর্যায়ে সারাদেশে নির্মিত গৃহগুলো আজ বুধবার (২২ মার্চ) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা করবেন প্রধানমন্ত্রী।
ইউএনও জানান,নীলফামারীর সৈয়দপুর উপজেলায় প্রথম ধাপে ৩৭ টি, দ্বিতীয় ধাপে ৬১ টি, তৃতীয় ধাপে ১৮৫ টি এবং চতুর্থ ধাপের প্রথম পর্যায়ে ১১৫ গৃহ নির্মাণের বরাদ্দ মিলেছে। ইতিমধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের বরাদ্দকৃত অর্থে নির্মিত ঘরগুলো উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
আজ চতুর্থ পর্যায়ের প্রথম ধাপে ১১৫টি নির্মিত গৃহ হস্তান্তর করা হবে। আর চতুর্থ পর্যায়ে ২য় ধাপের ১৩১টি গৃহ নির্মাণের বরাদ্দ মিলবে বলে জানান তিনি।
মঙ্গলবার ইউএনও’র প্রেস বিফ্রিংয়ে সৈয়দপুর উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয়,আঞ্চলিক দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সাংবাদিকেরা অংশ নেন।
এ সময় সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষণ, উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু জাফর ও উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ