খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দিনাজপুরের খানসামা উপজেলায় ৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ী এলাকায় বালুবাহী ট্রাক্টরে করে বালু উত্তোলনকালে ছাতিয়ানগড় ভাদুশাহ পাড়া এলাকার আব্দুল জলিল (৫০), হাসিমপুর চকপাড়া এলাকার রেজাউল ইসলাম (৪০) ও পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার জাকিরগঞ্জ এলাকার
মোঃ বেলাল (৩৫) কে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী ০৩ জনকে ০৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) মারুফ হাসান। এসময় উপস্থিত ছিলেন খানসামা থানা অফিসার ইনচার্জ ওসি চিত্তরঞ্জন রায়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন,গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ীতে কিছু অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করলে এই অভিযান অব্যাহত থাকবে প্রশাসনের।