বিশেষ প্রতিনিধি ।। নীলফামারী শহরের সওদাগড় পাড়ার মো. রাফসান আহমেদ সোয়াদকে নটর ডেম কলেজে ভর্তির সহায়তা প্রদান করেছেন মশিউর রহমান কলেজের অধ্যক্ষ। অধ্যক্ষ শহিদুল ইসলাম এবং তাঁর স্ত্রী নীলফামারী নার্সিং এ- মিডওয়াইফারী কলেজের নাসিং ইনিসট্রাক্টর সুরাইয়া পারভীন মঙ্গলবার সন্ধ্যায় রাফসানের বাড়িয়ে গিয়ে ওই সহায়তার অর্থ প্রদান করেন।
সহায়তা প্রদান শেষে রাফসানকে মনোযোগ সহকারে লেখাপড়ার পরামর্শ দিয়ে ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস প্রদান করেন তাঁরা। এসময় উপস্থিত ছিলেন রাফসানের মা কুমকুম ইয়াসমিন, সাংবাদিক ভুবন রায় নিখিল।
বিভিন্ন জনের সহায়তায় ছেলেকে নটর ডেম কলেজে ভর্তি করাতে পেরে খুশি রাফসানের মা কুমকুম ইয়াসমিন। তিনি বলেন, ‘টাকার অভাবে ছেলেকে এলাকার কোন কলেজে পড়ানোর ইচ্ছা ছিল। কিন্তু ছেলের ইচ্ছা নটর ডেম কলেজে পড়ার। ভর্তির সুযোগ পাওয়ার পর মন খারাপ করে ঘরের কোনে বসে সময় কাটাতে শুরু করে। আজকে আপনাদের মত মানুষের দয়ায় আমার ছেলের সাধ পূরণ হলো। সবার কাছে দোওয়া চাই ছেলে যেন লেখাপড়া করে ভালো মানুষ হতে পারে।’
সুযোগ পেয়েও অর্থাভাবে স্বপ্নের কলেজে ভর্তি হওয়া অনিশ্চিত পড়েছিল দরিদ্র পরিবারের রাফসানের। বিষয়টি জানার পর মঙ্গলবার নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ তাকে নগদ অর্থ দিয়ে সহায়তা করেন। এর আগে গত সোমবার তাকে সহযোগিতা করেছেন নীলফামারী পুলিশ সুপার মো. গোলাম সবুর, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এছাড়া তার ভর্তির বিষয়ে নটর ডেম কলেজের অনেক সাবেক শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যোগাযোগ করে সহমর্মিতা জানিয়েছেন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করে মো. রাফসান আহমেদ সোয়াদ। এরপর এইচএসসিতে ভর্তির সুযোগ পায় নটর ডেম কলেজে। তার বাবা মো. মোমিনুর ইসলাম একজন দোকান কর্মচারী। মা কুমকুম ইয়াসমিন গৃহিনী। ২৯ আগস্ট ভর্তির শেষ দিন হলেও ভর্তির টাকা যোগার করতে পারছিলেন না তার বাবা মা।