সিসি নিউজ।। নীলফামারীর ডোমারে নেশার টাকা যোগারে বাবার ইজিবাইকের ব্যাটারী চুরি করে অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে ছেলে শাহিনুর ইসলাম (২৩)। বাবা সবদের আলীর (৫৫) দায়ের করা চুরির মামলায় শুক্রবার ভোরে তাকে (ছেলে) গ্রেপ্তার করে। এসময় জুয়েল (৩০) অপর এক সঙ্গীকেও গ্রেপ্তার করা হয়। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জনায়, গত ৭ অক্টোবর সন্ধ্যায় ডোমার উপজেলার চিকনমাটি দিঘলটারী গ্রামের সবদের আলীর বাড়ি হতে একটি ইজিবাইক চুরি হয়। পরবর্তীতে উপজেলা পরিষদের সামনে ব্যাটরী বিহীন অবস্থায় ইজিবাইকটি খুঁজে পান তিনি। এঘটনায় সবদের আলী বাদী হয়ে অজ্ঞাত নামা আসামীর বিরুদ্ধে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে ওই চুরির সঙ্গে বাদির ছেলে শাহিনুরের (২৩) সম্পৃক্ততা পাওয়ায় শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে উপজেলা সদরের ফরেস্ট নদীয়া শান্তপাড়ার জুয়েল (৩০) নামে অপর একজনকে গ্রেপ্তার করা হয়। জুয়েল ওই গ্রামের মমিজ উদ্দিনের ছেলে। তাদের দেওয়া তথ্যে ইজিবাইকটির চুরি হওয়া চারটি ব্যাটারী উদ্ধার করা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী বলেন,‘ওই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকায় মামলার বাদির ছেলে শাহিনুরকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। শাহিনুর নেশাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। পরে তার স্বীকারোক্তিতে ব্যাটারী উদ্ধারসহ সঙ্গী জুয়েলকে গ্রেপ্তার করা হয়। তারা নেশার টাকা যোগার করতে ওই ব্যাটারী চুরির ঘটনা ঘটিয়েছে’।