• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন |

নীলফামারীতে মা ও দুই শিশু সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় মামলা

সিসি নিউজ।। নীলফামারী জেলা সদরে নিজ বাড়ি থেকে মা ও দুই শিশু সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে সদর থানায় নিহত গৃহবধুর ভাই আসাদুজ্জামান নূর ওরফে আসাদ নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বাদী আসাদুজ্জামান নূর নিহত গৃহবধু তহুরা বেগমের আপন ছোট ভাই। সে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ি গ্রামের আলাউদ্দিন পাড়ার মো. আব্দুল আলিমের ছেলে।

মামলার বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম। তিনি জানান, স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করতঃ আত্মহত্যার চেষ্টার অপরাধে ৩০২ ও ৩০৯ পেনাল কোডে মামলাটি রুজু করা হয়।

ওসি আরো জানান, লাশ ময়নাতদন্তের পর আজ বিকেলে চড়াইখোলা ইউনিয়নের নগর দারোয়ানীর মোল্লা পাড়াস্থ পারিবারিক কবস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

অপরদিকে, পুলিশি পাহারায় গুরুতর জখম রাশিকুল হক মোল্লা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার সকালে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী বন্দরবাজারে স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন রাশিকুল হক মোল্লা ওরফে বাবু মোল্লা নামে এক ফার্নিচার ব্যবসায়ী। বাড়ির পাশে আয়েশা এন্ড জারিন ফার্নিচার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

নিহতরা হলেন—আশিকুরের স্ত্রী তহুরা বেগম (৩০), তাঁর বড় মেয়ে আয়শা সিদ্দিকা তানিয়া (১১) ও ছোট মেয়ে জারিন তান্নিম (৬)। মোটা অঙ্কের ঋণ খেলাপি এবং ব্যবসায় আর্থিক ক্ষতির শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়ায় এধরেন ঘটনা ঘটাতে পারে- এমন দাবি রাশিকুল হক মোল্লার স্বজনদের।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ